যেকোনো নেটওয়ার্কে জিও’র ভয়েস কল ফ্রি

১ জানুয়ারি, ২০২১ ০৬:১৮  
২০২১ সালের প্রথম দিন থেকে ভারতের ভেতরে যেকোনো নেটওয়ার্কে ভয়েস কলে আর টাকা কাটবে না ভারতীয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। জিও মোবাইল ব্যবহারকারীদের সব ভয়েস কলই হবে পুরোপুরি বিনামূল্যে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানায় মুকেশ আম্বানির প্রতিষ্ঠানটি। কেননা, টেলিকম রেগুলেটরি অথোরিটি অব ইন্ডিয়ার (টিআরএআই) নির্দেশে ১ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ ভয়েস কলে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ (আইইউসি) বন্ধ হয়ে যাচ্ছে। আইইউসি চার্জ চালুর সময়ই জিও গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিল, টিআরএআই এই শুল্ক তুলে নিলে তারাও আর কোনও চার্জ কাটবে না। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করে গ্রাহকদের নতুন বছরে দারুণ উপহার দিল সংস্থাটি। অবশ্য রিলায়েন্স জিও’র অন-নেট, অর্থাৎ জিও-টু-জিও ঘরোয়া ভয়েস কল বরাবরই ফ্রি ছিল। তবে ২০১৯ সালের সেপ্টেম্বরে টিআরএআই-এর নির্দেশে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আইইউসি চার্জ বসায় জিও৷ এর কারণে গত একবছর জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে ভয়েস কল করতে ন্যূনতম বিল দিতে হতো।